
আগৈলঝাড়ায় অটোরিকশার থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল এসআরবি ডিসপোজাল ইউনিট
- নিজস্ব প্রতিবেদক,
[caption id="attachment_2132" align="alignnone" width="300"]
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার।[/caption]
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি অটোরিকশায় থাকা যাত্রীর ব্যাগ থেকে শক্তিশালী প্রেসার কুকার বোমা উদ্ধার করেছে ঢাকাস্থ এসআরবি-এর বোম্ব ডিসপোজাল ইউনিট। পরে বিশেষজ্ঞ দল সুনির্দিষ্ট ও নিরাপদ প্রক্রিয়ায় বোমাটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অটোরিকশাচালক মো. কাওসারকে আটক করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) দুপুরে এসআরবি-৮, বরিশালের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার সাথী আক্তারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ নভেম্বর রাতে আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠি এলাকায় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা একটি অটোরিকশা আটক করেন এবং ব্যাগের ভেতরে থাকা বস্তু সম্পর্কে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাসহ চালক কাওসারকে হেফাজতে নেয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, চালক কাওসার উপজেলার সেরাল এলাকা থেকে ব্যাগটি নিয়ে সুজনকাঠি এলাকায় যাচ্ছিলেন।
পরবর্তীতে জননিরাপত্তা ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অটোরিকশাটিকে নিরাপদ স্থানে রেখে পুরো এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। এরই ধারাবাহিকতায়, ১১ নভেম্বর দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ঢাকা থেকে আসা এসআরবি-এর একটি বিশেষ বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আধুনিক স্ক্যানার যন্ত্রের সহায়তায় ব্যাগটি পরীক্ষা করে ভেতরে প্রেসার কুকার বোমার উপস্থিতি নিশ্চিত করা হয়। পরে বিশেষজ্ঞ দল অত্যন্ত সতর্কতার সঙ্গে নির্ধারিত প্রটোকল মেনে বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করে।
এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তের পাশাপাশি এসআরবি-এর পক্ষ থেকে ঘটনার নেপথ্যে থাকা চক্রকে উদঘাটনে ছায়া তদন্ত অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতা রোধে এসআরবি-৮, বরিশালের গোয়েন্দা নজরদারি ও তৎপরতা জোরদার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।