নিজস্ব প্রতিবেদক:
সরকারি সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের একঝাঁক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ বরিশালের আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগার (এফডিআইএল) পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীদের ল্যাবরেটরির বিভিন্ন বৈজ্ঞানিক কার্যক্রম সরাসরি প্রদর্শন করা হয় এবং গবেষণাগারের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফডিআইএল বরিশালের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ও ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. মো. ইব্রাহীম খলিল।
এ সময় ডা. মো. ইব্রাহীম খলিল বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদের আমাদের ল্যাবরেটরির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়েছে। বিশেষ করে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) মোকাবেলায় এফডিআইএল যে উদ্যোগ ও ভূমিকা রাখছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
তিনি আরও যুক্ত করেন, শিক্ষা ও গবেষণার সমন্বয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভাগের সাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের গবেষণাগারের কার্যক্রম সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ ধরনের পরিদর্শন শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞানে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিদর্শন শেষে বিএম কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণাগারের আধুনিক সুযোগ-সুবিধা এবং ল্যাব কর্মকর্তাদের ইতিবাচক সহযোগিতার প্রশংসা প্রকাশ করেন।