স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু নিহতের চাঞ্চল্যকর মামলায় তদন্ত জোরদার করেছে সিআইডি। ঘটনার তদন্তে বুধবার (২৮ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গার জীবননগর ঘুরে দেখেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) খুলনা ও বরিশাল বিভাগের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান।
সিআইডির উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদালটি সকালে ঘটনাস্থলে পৌঁছায়। তদন্তকারী কর্মকর্তারা ডাবলুকে আটকের স্থানসহ সংশ্লিষ্ট এলাকাগুলো সরেজমিনে ঘুরে দেখেন এবং মামলার গুরুত্বপূর্ণ আলামত ও তথ্য সংগ্রহ করেন। পরিদর্শনকালে নিহত ডাবলুর পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, চলতি বছরের ১২ জানুয়ারি রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত নিজ ব্যবসাপ্রতিষ্ঠান 'হাফিজা ফার্মেসি' থেকে ডাবলুকে চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের একটি দল হেফাজতে নেয়। এর প্রায় দুই ঘণ্টা পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই উত্তেজিত নেতা-কর্মীরা হাসপাতালে সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাসে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে ডাবলুর শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া যায়। ময়নাতদন্তে নেতৃত্ব দেওয়া চিকিৎসক ডা. এহসানুল হক তন্ময় জানান, মরদেহে প্রাপ্ত আঘাতের চিহ্নগুলো সুরতহাল প্রতিবেদনের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ।
পরবর্তীতে ঘটনার পাঁচ মাস পর গত ১৯ জুন আদালতে মোট নয়জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এতে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদকে প্রধান আসামি এবং ক্যাপ্টেন সৌমিকসহ আরও ৮ জনকে অভিযুক্ত করা হয়।
স্বামীর হত্যার বিচার দাবি করে ডাবলুর স্ত্রী জেসমিন আক্তার বলেন, "আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করে আমার তিনটি ছোট সন্তানকে এতিম করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।"
এদিকে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তার এই সরেজমিন পরিদর্শনকে মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতা-কর্মীরা।