মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের মুলাদীতে ভবনের ছাদ থেকে পড়ে সিয়াম (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার থানা গেট সংলগ্ন চারতলা ‘হাজী টাওয়ারে’ এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম মুলাদী উপজেলার খালাসির চর এলাকার তসলিম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার আনুমানিক বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে হাজী টাওয়ারের ছাদ থেকে হঠাৎ নিচে পড়ে যান সিয়াম। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে উপস্থিত স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়রা জানান, যুবকটি কীভাবে বা কী পরিস্থিতিতে চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গেলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।