নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, ফ্যান ও রড চুরির অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদারকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে তাকে আটক করা হয়। এ ঘটনায় উপজেলার ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর দুপুরে কলেজের পাঠদান বন্ধ থাকায় অধ্যক্ষ নিজ বাড়িতে চলে যান। দুপুর পৌনে তিনটার দিকে কলেজের এক শিক্ষক তাকে ফোন করে জানান, ছাত্রদল নেতা সাহেদ তালুকদার ও তার সহযোগীরা ক্যাম্পাসের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল এবং তিনটি ফ্যান খুলে নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে অধ্যক্ষ দ্রুত কলেজে এসে ঘটনার সত্যতা পান।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, মালামাল খোলার সময় কলেজের কর্মচারী রিথুন তালুকদার ও নির্মাণশ্রমিকেরা বাধা দিলে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। এছাড়া নতুন ভবন নির্মাণের জন্য রাখা প্রায় ২০০ কেজি রড চুরির অভিযোগও করা হয়েছে। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য অন্তত ৪০ হাজার টাকা বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বলেন, "একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ এভাবে প্রকাশ্যে চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, কলেজের মালামাল চুরির বিষয়ে অধ্যক্ষ লিখিত অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে সাহেদ তালুকদারকে আটক করা হয়। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।