
সরকারি নিষেধাজ্ঞা উঠে গেলেই আবার জীবনসংগ্রামের তাগিদে নদীতে নামতে হবে তাঁকে। কিন্তু নতুন করে জাল কেনার মতো কোনো আর্থিক সামর্থ্য সাইফুলের নেই। আশায় বুক বেঁধে তিনি এখন বিভিন্ন ট্রলারে ট্রলারে ঘুরে বেড়াচ্ছেন—যদি কেউ তাঁর হারিয়ে যাওয়া জালটি পেয়ে থাকেন বা কোনো সন্ধান দিতে পারেন। নদীতে নেমে মাছ ধরতে না পারলে আগের ঋণ শোধ করবেন কীভাবে, আর সংসারই বা কীভাবে চলবে—সেই দুশ্চিন্তাতেই কাটে তাঁর দিনরাত।
ভোলার সামরাজ ঘাটের তরুণ জেলে মো. মেহেদী হাসানের জীবনের গল্পটি আরও বেশি বেদনার। শৈশবেই মাতৃস্নেহ হারিয়েছেন তিনি। অভাবের তাড়নায় বাবাও পারতেন না তাঁর পড়াশোনার খরচ চালাতে। ফলে বাধ্য হয়ে মাত্র তৃতীয় শ্রেণিতে পড়ার পরই বই-খাতা তুলে রেখে নামতে হয়েছে রুটি-রুজির লড়াইয়ে।
যে বয়সে সহপাঠীদের সাথে হাত মিলিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সেই উত্তাল নদী আর সাগরের বিশাল ঢেউ সামলাতে হচ্ছে তাঁকে। মেহেদী আক্ষেপ করে বলেন, "ছোটবেলা থেকেই দেখেছি বাবা মাছ ধরতে নদীতে যেতেন। অভাবের কারণে আমার পড়ালেখা আর এগোয়নি, ছোটকালেই মা চলে গেছেন। এখন ১৬ বছর বয়সে আমাকেও পেটের তাগিদে সাগরে নামতে হচ্ছে।"