
রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ‘এমআরটি লাইন-১’ এবং হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ‘এমআরটি লাইন-৫ (উত্তর)’ প্রকল্পের কাজ আরও এক ধাপ এগিয়ে গেল। মঙ্গলবার বিকেলে উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেল ভবনে আনুষ্ঠানিকভাবে চারটি প্যাকেজের অধীনে ঠিকাদার নিয়োগের চুক্তি সই সম্পন্ন হয়েছে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আয়োজিত এই চুক্তির মাধ্যমে নতুন দুই মেট্রোরেলের ৮টি উড়াল স্টেশন ও ১১ কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণের মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন এই দুই মেগা প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় দুই লাখ কোটি টাকা। এর মধ্যে ৩১ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১-এ (২১টি স্টেশন) ১ লাখ ১৪ হাজার কোটি টাকা এবং ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫-এ (১৪টি স্টেশন) ৮৯ হাজার কোটি টাকা খরচ ধরা হয়েছে। ২০৩৩ সালের মধ্যে উভয় লাইনের নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চারটি প্যাকেজের কাজ বণ্টন:
ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক এবং বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য কবির আহমদ। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলমসহ জাইকা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। সচিব জানান, ঢাকার যানজট মুক্ত রেখে আধুনিক ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতেই দ্রুত গতিতে মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে।