নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া বকুলতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯৫৮ পিস ইয়াবাসহ মো. রাজিব সিকদার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রাজিব সিকদার মৃত আমির আলী সিকদারের ছেলে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুম্মান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জসিমসহ পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দপদপিয়া বকুলতলা এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে সন্দেহভাজন রাজিব সিকদারকে আটক করে তার শরীর তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, আটক রাজিবকে ইয়াবাসহ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।