নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:
পটুয়াখালীর কলাপাড়ায় কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন এবং সেই ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে মামলার প্রধান অভিযুক্ত মো. তাইজুল ইসলাম মুসা (৪০) নামের এক কবিরাজকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।
গত ৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া থানাধীন টিয়াখালী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাইজুল ইসলাম মুসা পটুয়াখালীর মহিপুর থানাধীন মনসাতলী গ্রামের আ. রাজ্জাক মোল্লার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে স্থানীয়দের মুখে শুনে ভিকটিম ওই কিশোরী চিকিৎসার জন্য কবিরাজ তাইজুল ইসলামের কাছে যান। এই সুযোগে কবিরাজ বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে তাঁর সঙ্গে অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং সহযোগীদের সহায়তায় গোপনে সেই ভিডিও ধারণ করে রাখেন।
পরবর্তীতে ভিকটিমের পিতা বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে বিয়ে করার অনুরোধ করলে তিনি অস্বীকৃতি জানান। একপর্যায়ে অভিযুক্ত ও তার সহযোগীরা ধারণকৃত ভিডিও বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেয়, যার ফলে ভিকটিম ও তার পরিবার সামাজিকভাবে চরম হেয়প্রতিপন্ন হন। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
এসআরবি-৮, বরিশাল ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার পর পলাতক প্রধান অভিযুক্তকে গ্রেফতার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।