নিজস্ব প্রতিবেদক,
পটুয়াখালীর কলাপাড়ায় গর্ভবতী এক নারীকে পিটিয়ে গর্ভের সন্তান হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. সোহাগ সিকদারকে (২৮) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮)।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার রঙ্গশ্রী এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহাগ সিকদার পটুয়াখালী জেলার কলাপাড়া থানার চাকামইয়া গ্রামের মোড় ফোরকান সিকদারের ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর আসামিরা লোহার রড, কাঠের চেরা ও ইট নিয়ে ভিকটিম মোছা. তানিয়া বেগম ও তাঁর স্বামীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুজনেই গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা তাঁদের কাছে থাকা নগদ ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তানিয়া বেগমকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখে বলে অভিযোগ রয়েছে।হামলার সময় সাত মাসের গর্ভবতী তানিয়া বেগম গুরুতর আহত হন। তাঁকে দ্রুত কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর গর্ভপাত ঘটে। পরবর্তীতে মৃত সন্তানটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।পটুয়াখালী ক্যাম্প (সিপিসি-১) ও সদর কোম্পানি বরিশালের একটি যৌথ দল অভিযান চালিয়ে প্রধান আসামিকে আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে এসআরবি-৮-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।