
প্যারিস ছাড়াও লিঁও, নিস, তুলুজ, মার্সেই, লিল ও মন্টপেলিয়েসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। রাজধানী প্যারিসেই মিছিল চলাকালে পুলিশ তিন হাজারেরও বেশি মানুষকে থামিয়ে তল্লাশি চালায় এবং সেখান থেকে ৬৫ জনকে গ্রেপ্তার করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গতকাল সারা দেশে ৪ লাখ ১০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন, যার মধ্যে প্যারিসেই ছিলেন ১ লাখ ১০ হাজার মানুষ। তবে শ্রমিক সংগঠন সিজিটির দাবি, দেশজুড়ে প্রায় ৮ লাখ মানুষ রাস্তায় নেমেছিলেন এবং শুধু প্যারিসেই এই সংখ্যা ছিল ২ লাখ ৫০ হাজার।
গত মাসে শিক্ষক ও শিক্ষার্থীদের হাত ধরে এই আন্দোলন শুরু হলেও বর্তমানে এর সঙ্গে ইয়েলো ভেস্টস আন্দোলন, সিজিটি ও সিএফডিটিসহ বিভিন্ন প্রধান শ্রমিক সংগঠন যুক্ত হয়েছে। সরকারের সঙ্গে একাধিক বৈঠক করেও কোনো সমাধান না আসায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্র ও শ্রমিক নেতারা।
ফ্রান্স ছাড়াও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে গত এক সপ্তাহে স্পেন, আলবেনিয়া, ইতালি ও তুরস্কে বিভিন্ন বিক্ষোভ ও প্রতিবাদের ঘটনা ঘটেছে।