বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ব্যস্ততম মীরগঞ্জ ফেরিঘাট ও খেয়াঘাট স্টেশনসংলগ্ন এলাকায় বেশ কিছুদিন ধরে আনুমানিক ১৩-১৪ বছর বয়সী এক কিশোরীকে অরক্ষিত অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। দিন-রাত ২৪ ঘণ্টাই শিশুটি ওই এলাকায় অবস্থান করলেও তার পরিচয় কিংবা পরিবারের কোনো সন্ধান মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরীটির আচরণ ও কথা-বার্তা অসংলগ্ন। ধারণা করা হচ্ছে সে মানসিক ভারসাম্যহীন কিংবা তার বিশেষ জরুরি সহায়তার প্রয়োজন রয়েছে। কেউ কিছু জিজ্ঞেস করলে সে এলোমেলো কথা বলছে এবং নিজের নাম, বাবা-মায়ের নাম কিংবা গ্রামের ঠিকানা সঠিকভাবে বলতে পারছে না।
খেয়াঘাট এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জানান, এত অল্প বয়সী একটি মেয়ে দিন-রাত খোলা আকাশের নিচে এভাবে অরক্ষিত অবস্থায় ঘুরে বেড়ানোয় বিশেষ করে রাতের বেলায় তার নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা দেখা দিয়েছে। ওই এলাকাটি অত্যন্ত জনাকীর্ণ হওয়ায় যেকোনো সময় সে কোনো প্রতারক বা অপরাধী চক্রের শিকার হতে পারে। যৌন হয়রানি, শোষণ কিংবা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে শিশুটি।
স্থানীয় এক গণমাধ্যমকর্মী বলেন, একজন সামাজিক দায়বদ্ধ মানুষ ও সংবাদকর্মী হিসেবে বিষয়টি আমাকে গভীরভাবে বিচলিত করেছে। একটি অপ্রাপ্তবয়স্ক শিশু এভাবে অরক্ষিত অবস্থায় পড়ে থাকা অত্যন্ত বিপজ্জনক। কোনো বড় ধরনের দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই তার সুরক্ষা নিশ্চিত করা জরুরি।
এ বিষয়ে সচেতন মহল ও এলাকাবাসী বাবুগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা পুলিশ এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
দ্রুত কিশোরীটিকে উদ্ধার করে তার নিরাপদ হেফাজত ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।
শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা, স্বাস্থ্য সেবা ও মনোসামাজিক সহায়তা দেওয়া।
যথাযথ প্রক্রিয়ায় তার সঠিক পরিচিতি ও পরিবারের সন্ধান করে স্বজনদের কাছে হস্তান্তর করা। তাৎক্ষণিকভাবে পরিবারকে খুঁজে না পাওয়া গেলে সরকারি সেফ হোম বা সমাজসেবা অধিদপ্তরের নিরাপদ আশ্রয়ে তাকে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া।
কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই দায়িত্বশীল কর্তৃপক্ষ শিশুটির সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন নাগরিকদের।