
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা এলাকার শেনেরহাট বাজারে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য ও বিরল দৃশ্য দেখা যায়। একই মাঠে মাত্র ১০ ফুটের ব্যবধানে পাশাপাশি অবস্থিত আধুনা শেনেরহাট বাজার জামে মসজিদ ও সর্বজনীন দুর্গামন্দির। দীর্ঘ ৫৪ বছর ধরে এখানে দুই ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছেন।
প্রতিটি উৎসবেই এখানকার দৃশ্যটি অত্যন্ত হৃদয়গ্রাহী। একপাশে আতরের সুঘ্রাণে মুসল্লিরা নামাজ আদায় করেন, আর অন্যপাশে ধূপকাঠির গন্ধে মুখরিত থাকে পূজামণ্ডপ। দুর্গাপূজার সময় মন্দির থেকে ঢাকঢোল, শঙ্খধ্বনি ও আরতির আওয়াজ ভেসে এলেও, মসজিদে আজান শুরু হলেই পূজারি ও ভক্তরা সম্পূর্ণ নীরবতা বজায় রাখেন। আজান ও নামাজ শেষ হলে পুনরায় তাদের পূজার্চনা শুরু হয়।
১৯৭২ সালে আধুনা শেনের বাড়ি সর্বজনীন দুর্গামন্দির প্রতিষ্ঠার পর পরবর্তী সময়ে একই মাঠে জামে মসজিদটি নির্মাণ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কারণে কখনোই কোনো ধরনের বিরোধ বা সমস্যার সৃষ্টি হয়নি। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেমন স্বতঃস্ফূর্তভাবে তাদের পূজা উদ্যাপন করেন, তেমনি মুসলিম প্রতিবেশীরাও তাদের নানাভাবে সহযোগিতা করে থাকেন।
এলাকাবাসীর মতে, পূর্বপুরুষদের এই সম্প্রীতির ধারা বর্তমান প্রজন্মও ধরে রেখেছে। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি না করে পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধার মাধ্যমে যুগ যুগ ধরে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন স্থানীয় হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ।