জীবন কিংবা ক্রিকেট—উৎথান-পতন আর টিকে থাকার লড়াই দুটোতেই সমান। টেস্ট ক্রিকেট যদি হয় ধৈর্যের দীর্ঘ পরীক্ষা, তবে ওয়ানডে হলো ৫০ ওভারের এক রোমাঞ্চকর ছোট জীবন। এখানে যেমন হঠাৎ বিপর্যয়ে পড়ার ঝুঁকি থাকে, তেমনি ধৈর্য ধরে ঘুরে দাঁড়ানোর সুযোগও মিলবে। কিন্তু ঘুরে দাঁড়ানোর প্রথম শর্তই তো উইকেটে টিকে থাকা!
বাংলাদেশ ক্রিকেটের শৈশবে এই 'টিকে থাকাটাই' ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একসময় নির্ধারিত ৫০ ওভার পুরো ব্যাট করতে পারাটাই ছিল স্বস্তির বিষয়। কিন্তু সময়ের পরিক্রমায় সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের যুগে লাল-সবুজের ক্রিকেট সেই ভঙ্গুর অবস্থা কাটিয়ে উঠেছিল। ৫০ ওভার ব্যাটিং করাটা তখন হয়ে উঠেছিল স্বাভাবিক ঘটনা। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স বলছে, সেই পুরোনো অসুখ আবার ফিরে আসছে বাংলাদেশ দলে—নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ইনিংস গুটিয়ে ফেলার সেই পুরোনো রোগ!
অবশ্য রান তাড়া করার ক্ষেত্রে কিংবা বোলাররা অতিমানবীয় পারফরম্যান্স দেখালে ৪০ ওভারের মধ্যেই জয় তুলে নেওয়া সম্ভব। কিন্তু প্রথমে ব্যাটিং করতে নামলে হিসেব আলাদা। ৫০ ওভারের পুরো সুযোগ কাজে লাগাতে না পারলে ব্যাটারদের সামর্থ্য, মানসিকতা ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ আগে ব্যাট করেছে ৮২টি ওয়ানডেতে। এর মধ্যে ৪৮টিতেই ৫০ ওভার ব্যাট করার আগেই অলআউট হয়ে যায় দল। অর্থাৎ, প্রায় ৫৮.৫ শতাংশ ম্যাচেই বাংলাদেশ পুরো ইনিংস খেলতে ব্যর্থ হয়েছিল। তৎকালীন সময়ে প্রতি ১০ ম্যাচের ৬টিতেই বাংলাদেশকে ৫০ ওভারের আগে মাঠ ছাড়তে হতো।
ফলাফল যা হওয়ার তাই হয়েছিল—সেই ৪৮টি ম্যাচের মধ্যে বাংলাদেশ মাত্র ২টি ম্যাচে জয় পেয়েছিল (জিম্বাবুয়ে ও কেনিয়ার বিপক্ষে)। অন্যদিকে, যেসব ম্যাচে দল পুরো ৫০ ওভার ব্যাট করতে পেরেছিল, সেগুলোর মধ্যে ১৮টিতে জয় এসেছিল। অর্থাৎ, জয় আর উইকেটে টিকে থাকার মধ্যকার সম্পর্কটা পরিসংখ্যান দিয়েই স্পষ্ট ছিল।
বাংলাদেশ দল যখন সেই পুরোনো অধ্যায় পেছনে ফেলে পরিপক্বতার পরিচয় দেওয়া শুরু করেছিল, ঠিক তখনই আবার আগের মতো ধস নামার প্রবণতা দেখা যাচ্ছে। ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে হলে বাংলাদেশকে আবারও সেই মূল মন্ত্রে ফিরতে হবে—আগে উইকেটে টেকা, তারপর জয়ের চিন্তা!