নিজস্ব প্রতিবেদক, বরিশাল
হারিয়ে যেতে বসা বরিশালের ইতিহাস-ঐতিহ্যের খালগুলোর হারানো জৌলুশ ফিরিয়ে আনতে একটি বড় উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এই প্রকল্পের জন্য ৭৬৮ কোটি ৪০ লাখ ৮ হাজার টাকার অনুমোদন দিয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এলাকায় মোট ৩০টি খালের কাজ করা হবে। এর মধ্যে ২০টি খাল খনন এবং ১০টি খালের সৌন্দর্যবর্ধন করা হবে।
গত বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান এই প্রকল্পটির আনুষ্ঠানিক অনুমোদন দেন। সাম্প্রতিক সময়ে বরিশাল নগরীর খাল পুনঃখনন, পুনরুদ্ধার এবং সৌন্দর্যবর্ধনে এটিই সর্বোচ্চ বরাদ্দের প্রথম প্রকল্প। এমন ঘোষণায় উচ্ছ্বসিত ও আনন্দিত হয়ে উঠেছেন সাধারণ নগরবাসী।
খাল খনন ও সৌন্দর্যবর্ধনের এই যুগোপযোগী প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বরিশাল নগরবাসীর পক্ষ থেকে সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের নেতৃবৃন্দ।