
খুলনা প্রতিনিধি:
খুলনায় আয়োজিত এক অনুষ্ঠানে নিজের হাতে সম্পূর্ণ পবিত্র কোরআন শরীফ লিখে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিয়েছে ৯ বছর বয়সী শিশু ওরিন সাফাত খান। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনার এই শিক্ষার্থীর এমন অনন্য উপহার উপস্থিত সকলের গভীর প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠান চলাকালে ছোট্ট ওরিন মঞ্চে গিয়ে পরম শ্রদ্ধায় তার নিজ হাতে লিখিত পবিত্র কোরআন শরীফটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়। প্রধানমন্ত্রীও অত্যন্ত স্নেহ ও আন্তরিকতার সঙ্গে এই উপহার গ্রহণ করেন এবং শিশুটির মাথায় হাত বুলিয়ে দোয়া ও আশীর্বাদ করেন।
একই অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের সৃজনশীলতার আরও একটি নিদর্শন দেখা যায়। সেখানে নায়লা তাসলিম জামান নামের আরেক শিক্ষার্থী তার নিজের আঁকা একটি বিশেষ চিত্রকর্ম প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়। শিশুদের এমন আন্তরিক ও সৃজনশীল উপহারে অনুষ্ঠানস্থল এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।