
দেশের মহাসড়কগুলোর স্থায়িত্ব ও নিরাপত্তা বৃদ্ধি, ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা এবং অনিয়মের ঝুঁকি কমাতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ‘মহাসড়ক রক্ষণাবেক্ষণ নীতিমালা, ২০২৬’-এর খসড়া তৈরি করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) আওতাধীন সড়কগুলো টেকসই করা এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য। সম্প্রতি খসড়া নীতিমালাটি নিয়ে সড়ক পরিবহন ও সেতু বিভাগ এবং অর্থ বিভাগের মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তাবিত নীতিমালায় বলা হয়েছে, মহাসড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণের পরিকল্পনা, দরপত্র, বাজেট বরাদ্দ থেকে শুরু করে ব্যয়ের তথ্য ও বাস্তবায়ন—সবকিছুই একটি সফটওয়্যারভিত্তিক কাঠামোর মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।
খসড়ায় মহাসড়ক মেরামতের কাজগুলোকে মূলত চারভাগে বিভক্ত করা হয়েছে:
শুধু সড়কের দৈর্ঘ্যের ওপর ভিত্তি করে বাজেট না দিয়ে আন্তর্জাতিক রাফনেস ইনডেক্স (আইআরআই), গত তিন বছরের মেরামতের ইতিহাস, যানবাহনের চাপ, বৃষ্টিপাত, বন্যা ও জলবায়ু ঝুঁকি বিবেচনা করে অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ সড়ক ও সেতু আগে সংস্কারের জন্য এইচডিএম-৪/র্যামস (HDM-4/RAMS) এবং বিএমএস (BMS) প্রযুক্তির সহায়তায় বার্ষিক অগ্রাধিকার তালিকা তৈরি করা হবে। প্রয়োজনে বিকল্প বা বিদেশি উন্নয়ন সহযোগীদের মাধ্যমেও তহবিল সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।
কাজের গুণগত মান নিশ্চিত করতে সরকারি ক্রয় আইন মেনে ঠিকাদারদের দক্ষতা নিয়মিত মূল্যায়ন ও তালিকা হালনাগাদ করা হবে। বড় মহাসড়ক ও এক্সপ্রেসওয়ের জন্য পারফরম্যান্স বেজড মেইনটেন্যান্স কন্ট্রাক্ট (PBMC) পদ্ধতি চালু থাকবে, যেখানে কাজের পরিমাণের চেয়ে সেবার মানের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এসব চুক্তির মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত হতে পারবে।
তথ্যভিত্তিক সিদ্ধান্তের তাগিদ: সম্প্রতি এক কর্মশালায় সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ভবিষ্যতে সড়ক নির্মাণ ও সংস্কারের ক্ষেত্রে কেবল পরিবহন সুবিধাই নয়, দুর্ঘটনাপ্রবণ এলাকার সঠিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে 'সড়ক নিরাপত্তা'কে মূল অগ্রাধিকার দিতে হবে।
সড়ক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে আলোকপাত করে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. শামসুল হক জানান, শুধু সড়ক নির্মাণ করলেই হবে না, সময়মতো টেকসই মেরামত না করায় অল্প দিনেই তা নষ্ট হয়ে ভোগান্তি ও ব্যয় দুটোই বাড়ায়।