নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
দেশজুড়ে খাল খনন ও পুনঃখননের মাধ্যমে কৃষি, সেচব্যবস্থা ও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির সরকারের প্রশংসনীয় উদ্যোগ বরিশালের হিজলা উপজেলায় প্রশ্নের মুখে পড়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে হিজলার দুটি খাল পুনঃখনন প্রকল্পে প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও, বাস্তবে শ্রমিকের পরিবর্তে ভেকু (এক্সকেভেটর) দিয়ে নামমাত্র কাজ করিয়ে সিংহভাগ অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয় প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের যোগসাজশে এই অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
অনুসন্ধানে জানা যায়, হিজলার ৩ নম্বর গুয়াবাড়িয়া ইউনিয়নের ‘খনির খাল’ এবং ৪ নম্বর বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের ‘টিপের খাল’ পুনঃখনন প্রকল্পে মোট ২ কোটি ৯৬ লাখ ১৯ হাজার ৩৪০ টাকা বরাদ্দ দেওয়া হয়। দুটি প্রকল্পেই ৫০ শতাংশ কাজ শ্রমিকের মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ এক্সকেভেটরের মাধ্যমে করানোর শর্ত ছিল। অথচ শ্রমিকের পেছনে বরাদ্দকৃত লাখ লাখ টাকা ভুয়া মাস্টাররোল ও ব্যাংক হিসাবের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
১ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৩২ টাকা (শ্রমিক মজুরি বাবদ ৮৯ লাখ ৫২ হাজার ৮৯ টাকা)।প্রায় ৩ থেকে সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ এই খালের অধিকাংশ স্থানেই কাঙ্ক্ষিত খনন হয়নি। স্থানীয়দের অভিযোগ, কোনো শ্রমিক নিয়োগ না করেই নামমাত্র ভেকু চালিয়ে খালের দুই পাড়ের আগাছা পরিষ্কার করে কাজ শেষ দেখানো হয়েছে। গভীরতা বা প্রশস্ততা না বাড়ায় সামান্য বৃষ্টিতেই তা আগের অবস্থায় ফিরে গেছে। এছাড়া প্রকল্পের শর্ত অনুযায়ী দুই পাড়ে বৃক্ষরোপণ এবং কংক্রিট ড্রেনেজ ব্যবস্থার কোনো বাস্তব অস্তিত্ব পাওয়া যায়নি।
১ কোটি ১৫ লাখ ৯০ হাজার ১১৪ টাকা (শ্রমিক মজুরি বাবদ ৫৭ লাখ ৫৪ হাজার ৯১৫ টাকা)। এই প্রকল্পের কাজ উদ্বোধন করেছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী রাজিব আহসান। কিন্তু এখানেও শ্রমিকের পরিবর্তে মাত্র ২৭ দিন ভেকু দিয়ে দায়সারাভাবে মাটি কাটা হয়। রাস্তা কেটে ড্রেনেজ নির্মাণের কথা থাকলেও ছয় মাসেও কাজ শেষ না করায় স্থানীয়দের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, খাল খননের সময় স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের একটি দল পাহারা দিয়ে সাধারণ মানুষকে দূরে রাখে। প্রকল্পগুলোর সভাপতি হিসেবে নামমাত্র ইউপি সদস্য বা নারীদের রাখা হলেও তাঁরা জানান, তাঁদের জোর করে স্বাক্ষর নেওয়া হয়েছে এবং কাজের ও বরাদ্দের বিষয়ে তাঁরা কিছুই জানেন না। এদিকে নিয়ম অনুযায়ী প্রকল্প দুটি থেকে যথাক্রমে ১৬ লাখ ৯১ হাজার ২৪ টাকা এবং ৯ লাখ ৬৩ হাজার ৪৩৮ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হলেও, মূল কাজের অনিয়ম ও শ্রমিকদের মজুরির অর্থ লোপাটের বিষয়টি ধামাচাপা দেওয়া যাবে না বলে মনে করছেন সচেতন মহল।
অনিয়মের অভিযোগের বিষয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াস সিকদার জানান, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
অন্যদিকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অপূর্ব দাস বর্ষার কারণে মাটি ধুয়ে যাওয়া এবং পশু-পাখি গাছ খেয়ে ফেলার কথা উল্লেখ করলেও শ্রমিক নিয়োগ ও এক্সকেভেটর ব্যবহারের সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে সরেজমিন তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গ্রামীণ অর্থনীতি ও কৃষির স্বার্থে সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পে সংঘটিত অনিয়মের নিরপেক্ষ তদন্ত এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।