বিশেষ প্রতিনিধি, বরিশাল
​সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারণ (পে ফিক্সেশন) ও ডেটা এন্ট্রির খরচের দোহাই দিয়ে শিক্ষকপ্রতি ৩০০ টাকা করে চাঁদা দাবির মারাত্মক অভিযোগ উঠেছে বরিশাল সদরে। অভিযোগের তির স্থানীয় কয়েকজন শিক্ষক নেতা ও অর্থ আদায়ের পেছনে থাকা একটি সিন্ডিকেটের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
​বরিশাল সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ২০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের লক্ষ্য করে এ অর্থ তোলার অপচেষ্টা চলছে। নয়টি ক্লাস্টারের আওতাধীন এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ফোন করে শিক্ষকদের কাছ থেকে টাকা তুলে নগদ বা বিকাশে পৌঁছে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে একাধিক ভুক্তভোগী শিক্ষক নিশ্চিত করেছেন।
​অভিযোগে মাসুদ, নুরুন্নবী, মেহেদী ও সাইফুল ইসলামসহ কয়েকজন শিক্ষক নেতার নাম উঠে এসেছে। অর্থ দিতে অস্বীকৃতি জানালে ভবিষ্যতে দাপ্তরিক ও প্রশাসনিক কাজে হয়রানির ভয় দেখানো হচ্ছে বলেও ভুক্তভোগীরা জানান।
​শিক্ষকরা বলছেন, পে ফিক্সেশন একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া, যা সম্পূর্ণ বিনামূল্যে হওয়ার কথা। অনেকেই ব্যক্তিগত উদ্যোগে নিজেদের পে ফিক্সেশনের কাজ সম্পন্ন করেছেন। ফলে এ কাজের জন্য টাকা তোলার কোনো যৌক্তিকতা নেই।
​নাম প্রকাশে অনিচ্ছুক অভিযুক্ত এক শিক্ষক নেতা টাকার বিষয়টি স্বীকার করে দাবি করেন, “সব ক্লাস্টারের পে ফিক্সেশন একসঙ্গে করাতে হয়। ৩০০ টাকা বেশি কিছু নয়, আমরা সবসময় দিয়ে থাকি এবং এটি সবাই জানে।” তবে কোন আইনি বা প্রশাসনিক সুবাদে এই টাকা তোলা হচ্ছে, তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেননি।
​অন্যদিকে, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাদের (এটিইও) সঙ্গে এসব শিক্ষক নেতার ঘনিষ্ঠতা থাকায় সাধারণ শিক্ষকরা প্রকাশ্যে মুখ খুলতে ভয় পাচ্ছেন।
​তবে অনিয়মের বিষয়ে বরিশাল সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নাসিরউদ্দিন খলিফা বলেন, “পে ফিক্সেশনের নামে শিক্ষকদের কাছ থেকে কোনো প্রকার অর্থ বা চাঁদা নেওয়া যাবে না বলে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষক ক্লাস্টারগুলোতেও বার্তা পাঠানো হয়েছে।”
​উপজেলা শিক্ষা কর্মকর্তার এ কঠোর বার্তার পরও মাঠপর্যায়ে অর্থ আদায়ের চাপ অব্যাহত থাকায় প্রশাসনিক তদারকি ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি উঠেছে।
​সাধারণ শিক্ষকরা অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে এর পেছনের চক্রটিকে চিহ্নিত করা এবং সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।