নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক বিশেষ অভিযানে দুই কেজি গাঁজাসহ মোট ২৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
​১৪ অক্টোবর ২০২৬ তারিখে বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএমপির কমিশনারের নির্দেশনায় গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখের আগের ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিএমপির চারটি থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক আভিযানিক টিম যৌথভাবে এই অভিযান সফল করে।
বিশেষ অভিযানে দুই কেজি গাঁজাসহ মোট তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।আইনগত প্রক্রিয়া নিশ্চিত করতে পরোয়ানাভুক্ত ১ জন আসামিকে আটক করা হয়।বিভিন্ন নিয়মিত মামলার এজাহারভুক্ত পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।অন্যান্য অপরাধ ও আইনি প্রক্রিয়ার আওতায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বরিশাল মহানগর অধ্যাদেশ লংঘনের অভিযোগে ১৪ জনসহ সর্বমোট ২৮ জনকে আইনের আওতায় আনা হয়েছে।​নগরবাসীর জানমালের নিরাপত্তা বিধান এবং অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এ ধরনের বিশেষ ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।