মানিকগঞ্জ প্রতিনিধি : পরিবেশবান্ধব ও আধুনিক নৌ-যাত্রীসেবা নিশ্চিত করার লক্ষ্যে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট এলাকা পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, এমপি।
আজ বৃহস্পতিবার সকালে তিনি পাটুরিয়ার আধুনিক ওয়াটার বাসঘাট এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ১ থেকে ৪ নম্বর ফেরিঘাটের সার্বিক পরিচালনা ও উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন। ঘাট এলাকা পরিদর্শন শেষে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কেবিন ক্রুজারে করে আরিচা, পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নৌপথের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই গুরুত্বপূর্ণ নৌপথে সাধারণ মানুষের যাত্রা নিরাপদ, ভোগান্তিহীন ও স্বস্তিদায়ক করতে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। সরকারের লক্ষ্য নৌপথকে আধুনিকায়ন করা এবং সাধারণ যাত্রীদের সর্বোচ্চ সেবা সুনিশ্চিত করা।”
তিনি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং ঘাটের স্বাভাবিক শৃঙ্খলা বজায় রাখতে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।