বিশেষ প্রতিনিধি, বরিশাল

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদারের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ ও অনলাইন নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আরজি কালিকাপুর গ্রামে সরাসরি অনলাইনে তথ্য সাবমিটের মাধ্যমে এ কার্যক্রমের শুভ সূচনা ঘটে।

​সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার সার্বিক নির্দেশনায় এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এতে সদস্যসচিবের দায়িত্ব পালন করছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান।

​স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপাশা ইউনিয়নে কর্মসূচিটির সুষ্ঠু বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব, বিশিষ্ট সমাজসেবক ও এলাকার কৃতী সন্তান ওয়াহিদুল ইসলাম প্রিন্স।

​তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, ফ্যামিলি কার্ড কর্মসূচির ইউনিয়ন সুপারভাইজার মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সুমন হোসেন, বিএনপি নেতা আমিনুল ইসলাম এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন হোসেনসহ কর্মসূচি বাস্তবায়নকারী মাঠপর্যায়ের কর্মীবৃন্দ।

​সংশ্লিষ্টরা জানান, কর্মসূচির আওতায় নির্ধারিত ও আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর পদ্ধতির মাধ্যমে প্রতি পরিবারের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তা সাথে সাথেই সার্ভারে জমা (অনলাইন সাবমিট) দেওয়া হচ্ছে। এর মাধ্যমে যোগ্য পরিবারগুলোকে দ্রুত সনাক্ত ও স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ডের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।