নিজস্ব প্রতিবেদক, উজিরপুর (বরিশাল):

বরিশালে মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো জুয়েল ফাউন্ডেশন। ভ্যান ও অটোচালকদের সঙ্গে মতবিনিময়, টি-শার্ট বিতরণ, অসহায়দের আর্থিক সহায়তা ও নৈশভোজের মধ্য দিয়ে সম্পন্ন হলো এক ব্যতিক্রমী মানবিক আয়োজন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পঞ্চগ্রাম বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দক্ষিণ কোরিয়া প্রবাসী মানবিক ব্যক্তিত্ব, জুয়েল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. ইমরুল কায়েস জুয়েল মল্লিকের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ১২০ জন ভ্যান ও অটোচালকের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়। পাশাপাশি ৭ জন অসহায় ও দুঃস্থ ব্যক্তির মাঝে মোট ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ২ জনকে ৫ হাজার টাকা করে এবং ৫ জনকে ২ হাজার টাকা করে প্রদান করা হয়।

অনুষ্ঠানে ভ্যান ও অটোচালকদের পক্ষে মো. আওলাদ হোসেন তোতা বলেন, “আমরা সারাদিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে পরিশ্রম করি। আমাদের কথা কেউ ভাবে না। জুয়েল ভাইয়ের মতো একজন প্রবাসী আমাদের পাশে দাঁড়িয়েছেন, এ ধরনের সহায়তা পেয়ে আমরা সত্যিই আনন্দিত ও উপকৃত।”

এ সময় জুয়েল ফাউন্ডেশনের পরিচালক রাকিবুল ইসলাম জসিম বলেন, “আমাদের প্রতিষ্ঠাতা মো. ইমরুল কায়েস জুয়েল মল্লিক দক্ষিণ কোরিয়ায় থেকেও দেশের মানুষের কথা ভাবেন। মানবতার সেবায় সর্বদা আত্মনিয়োজিত থাকার প্রত্যয় নিয়েই তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে পঞ্চগ্রাম বাজার কমিটির সাধারণ সম্পাদক আবু বক্করসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে অংশগ্রহণকারী সকলকে নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়।

আয়োজকদের প্রত্যাশা, প্রবাস থেকেও দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এমন মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।