নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশেষ নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। এ কার্যক্রমের অংশ হিসেবে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ৪৬টি এবং বাইরের ৪৪টিসহ মোট ৯০টি পূজামণ্ডপের মধ্যে ইতোমধ্যে ৭৫টি মণ্ডপ পরিদর্শন করেছে ব্যাটালিয়নটি।

​পূজা উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। মণ্ডপগুলোতে সিসিটিভি ব্যবস্থা তদারকি, স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ, ইউনিফর্ম ও সাদা পোশাকে নজরদারি, বডি-অন ক্যামেরার ব্যবহার এবং বিশেষ টহল জোরদার করা হয়েছে।

​যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। যেকোনো প্রয়োজনে ০১৭৭৭-৭১০৮৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

​বরিশালের শ্রী শ্রী শংকর মঠ মন্দির পরিদর্শন শেষে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসআরবি-৮-এর অধিনায়ক জনাব মোহাম্মদ জাকিউল করিম, (জি), বিএন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ব্যাটালিয়নের মূল দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সদস্যরা সতর্ক ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন।

​মিডিয়া ব্রিফিংয়ে শ্রী শ্রী শংকর মঠ মন্দিরের সভাপতি লিমন কৃষ্ণ সাহা ও সাধারণ সম্পাদক চিন্ময় দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​সংস্থার পক্ষ থেকে কোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব বা অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।