নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও (নারায়ণগঞ্জ):

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় রাশিদুল ইসলাম (২৮) নামের এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে।

​শুক্রবার (১৬ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার রাউতগাঁও গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য রাশিদুল ইসলাম এমআরটি পুলিশে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন এবং বর্তমানে ছুটিতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

​স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিনগত রাত আনুমানিক ১২টার দিকে রাউতগাঁও গ্রামের একটি রাস্তায় কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য প্রকাশ্যে মাদক সেবন করছিল। ছুটিতে বাড়িতে থাকা পুলিশ সদস্য রাশিদুল ইসলাম বিষয়টি দেখতে পেয়ে তাদের প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে একই এলাকার আসিফ, ফয়সাল, মাহফুজসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের একটি দল তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয়। একপর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় সজোরে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

​পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

​স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবন চলছে। এর ফলে এলাকার শান্তিশৃঙ্খলা নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে জানতে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিককে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ ঘটনায় থানায় তাৎক্ষণিকভাবে কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না এবং পুলিশ এ বিষয়ে কী পদক্ষেপ নিয়েছে, তা জানা সম্ভব হয়নি।