নিজস্ব প্রতিবেদক
বরিশালে প্রবীণদের নিরাপদ আশ্রয় দেওয়ার উদ্দেশ্যে ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘শান্তি নিবাস’ নির্মাণের ৩ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত কোনো প্রবীণের ঠাঁই হয়নি। নানামুখী অজুহাতে কার্যক্রম চালু না করায় এতদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে ভবনটি। ফলে অযত্ন ও অবহেলায় ভেতরের মূল্যবান আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম নষ্ট হতে বসেছে। রাষ্ট্রীয় সহায়-সম্পদের এমন অপব্যবহারের দায় কার—তা নিয়ে সামাজিক ও সচেতন মহলে তীব্র প্রশ্নের সৃষ্টি হয়েছে।
বরিশাল অঞ্চলে সহায়-সম্বলহীন বহু প্রবীণ মানুষ বয়সের ভারে ন্যূব্জ হয়েও দিনমজুরি করে জীবন কাটাচ্ছেন। শেষ বয়সে এসে অনেকের শেষ ঠিকানা হচ্ছে খোলা আকাশ বা রাস্তার পাশ।সর্বশেষ ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ অনুযায়ী, দেশে ৬০ বছরের বেশি বয়সী প্রবীণ মানুষের সংখ্যা ১ কোটি ৫৩ লাখ ২৬ হাজার ১৭১ জন (মোট জনসংখ্যার ৯.২৮%)। কেবল বরিশাল বিভাগেই ৬০ বছরের বেশি বয়সী প্রবীণের সংখ্যা ৯ লাখ ৯৭ ১৮৬ জন। এই বিপুল প্রবীণ জনগোষ্ঠীর একটি বড় অংশেরই আজ প্রয়োজন নিরাপদ সামাজিক ও রাষ্ট্রীয় সুরক্ষা।
প্রবীণদের নিরাপদ আশ্রয় ও পরিচর্যার লক্ষ্যে ২০২৩ সালে বরিশালে ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় তিন তলা বিশিষ্ট আধুনিক এই ‘শান্তি নিবাস’। আরামদায়ক অবস্থানের জন্য আধুনিক সজ্জাকক্ষ, স্বাস্থ্যসেবা কর্নার এবং বিনোদনের সুব্যবস্থা। প্রয়োজনীয় জনবল ও সুষ্ঠু পরিচালনার অভাবে ভবনটি পুরোপুরি অকার্যকর হয়ে নষ্ট হতে বসেছে।
উল্লাস রায় (সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়)বলেন শিশু ও প্রবীণদের জন্য নির্ধারিত গুরুত্বপূর্ণ এই স্থানটি সরকারের পক্ষ থেকে অতি দ্রুত চালু করা প্রয়োজন।
অধ্যাপক শাহ সাজেদা (সভাপতি, জেলা মহিলা পরিষদ, বরিশাল)সরকারি নজরদারির অভাব ও দায়িত্বপ্রাপ্তদের উদাসীনতার কারণেই আজ এই শান্তি নিবাস নষ্ট হচ্ছে। প্রবীণদের কল্যাণে এটি অবিলম্বে চালু করা অত্যন্ত জরুরি।
সমাজসেবা অধিদপ্তর, বরিশালের বিভাগীয় কার্যালয়ের পরিচালক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,বিষয়টি মন্ত্রণালয়ে একাধিকবার লিখিতভাবে উপস্থাপন করা হয়েছে। বর্তমানে প্রয়োজনীয় জনবল কাঠামো সৃজনের প্রক্রিয়া চলমান রয়েছে। খুব শীঘ্রই জনবল বরাদ্দ পাওয়া গেলে ‘শান্তি নিবাস’-এর মূল কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে।
আমলাতান্ত্রিক জটিলতা ও প্রশাসনিক গাফিলতি কাটিয়ে দ্রুততম সময়ে ‘শান্তি নিবাস’ চালু করে প্রবীণদের প্রাপ্য আশ্রয় ও সম্মানজনক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হোক—এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।