বিশেষ প্রতিনিধি, কুয়াকাটা

​শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের সরকারি ছুটি এবং দুদিনব্যাপী বর্ণাঢ্য বিচ কার্নিভালকে কেন্দ্র করে পটুয়াখালীর সাগরকন্যা-খ্যাত পর্যটনকেন্দ্র কুয়াকাটায় লাখো পর্যটকের ভিড় জমে উঠেছে। দীর্ঘ এই ছুটি ও উৎসব ঘিরে কুয়াকাটায় দুই থেকে তিন লাখ পর্যটক ও দর্শনার্থীর সমাগম হতে পারে বলে ধারণা করছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিচ ম্যানেজমেন্ট কমিটি। পর্যটকদের বরণে ইতোমধ্যে আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁসহ পর্যটন খাতের সব পক্ষ ব্যাপক প্রস্তুতি শেষ করেছে।

​সংশ্লিষ্ট হোটেল ব্যবসায়ীদের দেওয়া তথ্যমতে, কুয়াকাটার প্রথম ও দ্বিতীয় শ্রেণির আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্টের প্রায় ৬০ থেকে ৮০ শতাংশ কক্ষ ইতোমধ্যে অগ্রিম বুকিং হয়ে গেছে। কোনো কোনো হোটেলে ছুটির গুরুত্বপূর্ণ দিনগুলোর সব কক্ষ বুকড হয়ে গেছে। পর্যটকদের আকৃষ্ট করতে অনেক হোটেলকক্ষ ভাড়ায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণাও দেওয়া হয়েছে।
​আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি রয়েছে। এর মধ্যে ২৩ ও ২৪ অক্টোবর কুয়াকাটায় অনুষ্ঠিত হবে দুদিনব্যাপী বিচ কার্নিভাল। জেলা প্রশাসন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বিচ ম্যানেজমেন্ট কমিটির যৌথ আয়োজনে এই কার্নিভাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসবের আয়োজনে স্থানীয় শিল্পীদের পাশাপাশি দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচ ম্যারাথন ও বিচ ফুটবলসহ থাকছে নানান আকর্ষণীয় ইভেন্ট।
​ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, “ইতোমধ্যে কুয়াকাটার প্রায় ৮০ শতাংশ হোটেলকক্ষের বুকিং শেষ। এখানে ছোট-বড় ৩০০টির বেশি আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে, যেখানে দৈনিক প্রায় ৪০ থেকে ৫০ হাজার পর্যটকের রাতযাপনের সুযোগ রয়েছে। বাড়তি পর্যটকের চাপ সামাল দিতে আমরা আশপাশের পাঁচটি গ্রামের প্রায় ৬০০ বাসাবাড়িকে হোমস্টে হিসেবে প্রস্তুত রেখেছি।

​একই সুর শোনা গেল আবাসিক হোটেল ব্যবসায়ীদের কণ্ঠেও। হোটেল ‘সরোয়ার প্যারাডাইস’-এর ব্যবস্থাপক রিপন সাব্বির জানান, তাদের হোটেলের প্রায় ৮০ শতাংশ কক্ষ বুকড হয়ে গেছে। অন্যদিকে, ‘সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস’-এর সহকারী ব্যবস্থাপক আল আমিন খান উজ্জ্বল আশা প্রকাশ করে বলেন, দু-এক দিনের মধ্যেই তাদের সব কটেজ ও ভিলার শতভাগ বুকিং সম্পন্ন হয়ে যাবে।
​কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এমএ মোতালেব শরীফ বলেন, দুর্গাপূজার ছুটি কুয়াকাটায় পর্যটক সমাগমের অন্যতম প্রধান সময়। প্রথম ও দ্বিতীয় শ্রেণির হোটেলে ব্যাপক সাড়া মিললেও তৃতীয় শ্রেণির হোটেলগুলোর অনেক কক্ষ এখনো খালি রয়েছে। তবে ছুটির দিনগুলোতে লক্ষাধিক দর্শনার্থীর উপস্থিতিতে কুয়াকাটা মুখরিত হয়ে উঠবে বলে তিনি আশাবাদী।
​কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু জানান, দীর্ঘ ছুটি উপলক্ষে আগত পর্যটকদের সেবা দিতে হোটেল, মোটেল ও রেস্টুরেন্টসহ পর্যটননির্ভর ১৬টি খাতের প্রায় পাঁচ থেকে সাত হাজার শ্রমিক প্রস্তুত রয়েছেন। পাশাপাশি শতাধিক প্রশিক্ষিত ট্যুর গাইডের সাথে অন্যান্য খাতের আরও দুই শতাধিক কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

​পর্যটকদের আগমন নির্বিঘ্ন করতে এবং সৈকতের সৌন্দর্য রক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব মো. আরিফুজ্জামান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক স্থানীয় বিএনপি নেতাদের সাথে নিয়ে সৈকত এলাকা পরিদর্শন করেন। উপজেলা প্রশাসনের নির্দেশনায় সৈকতের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়া হয়েছে এবং সৈকতজুড়ে চালানো হয়েছে পরিচ্ছন্নতা অভিযান।

​এর আগে গত ১৫ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দুর্গাপূজা ও বিচ কার্নিভাল সফল করার লক্ষ্যে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের অংশগ্রহণে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

​সার্বিক প্রস্তুতি নিয়ে কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক জানান, টানা পাঁচ দিনের ছুটি ও বিচ কার্নিভালকে সামনে রেখে কুয়াকাটাকে নতুন রূপে সাজানো হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ করছে।

​ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোনের ইনচার্জ নাজমুল আহসান বলেন, “আগত পর্যটকেরা যাতে নিরাপদে ভ্রমণ করতে পারেন, সেজন্য নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ ও বন বিভাগের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে।