​ভোলা প্রতিনিধি:

​আসন্ন শারদীয় দুর্গাপূজায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও নিরাপত্তার স্বার্থে ভোলা জেলায় বিশেষ কার্যক্রম জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, ভোলা ক্যাম্প। উৎসবটি নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলার মোট ১১৮টি পূজামণ্ডপের মধ্যে ইতোমধ্যে অধিকাংশ পরিদর্শন শেষ করেছে বাহিনীর সদস্যরা। ১৮ অক্টোবর (রবিবার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান এসআরবি-৮, বরিশালের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার সাথী আক্তার।
​বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোলার সদর উপজেলায় ২৭টি এবং অন্যান্য উপজেলাগুলোর ৯১টিসহ মোট ১১৮টি পূজামণ্ডপে নিরাপত্তার জোরদার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা উপলক্ষে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে এসআরবি।
যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবেলায় একটি সার্বক্ষণিক কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। জরুরি প্রয়োজনে ০১৭৭৭-৭১০৮৯০ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
মণ্ডপগুলোর সিসিটিভি ক্যামেরা তদারকি করা হচ্ছে। একই সঙ্গে ইউনিফর্ম ও সাদা পোশাকে টহল বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখা হচ্ছে। গুজব ও অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকতে এবং যেকোনো সন্দেহজনক বিষয় লক্ষ্য করলে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।​শ্রী শ্রী লক্ষ্মী গোবিন্দ জিউর মন্দির পরিদর্শন শেষে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে ভোলা এসআরবি-৮ ক্যাম্প কমান্ডার লেঃ কমাঃ বি.এম. তানজীমুল ইসলাম বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষা আমাদের মূল দায়িত্ব। পূজা কেন্দ্র করে কোনো গোষ্ঠী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমাদের সদস্যরা সর্বোচ্চ সতর্ক রয়েছে।”

​উক্ত ব্রিফিংয়ে লক্ষ্মী গোবিন্দ জিউর মন্দিরের সভাপতি বিমল কর্মকার, সাধারণ সম্পাদক বিপ্লব তালুকদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ভোলা জেলার সদস্য সচিব তপন কুমার সরকার এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ভোলা জেলার আহ্বায়ক চঞ্চল বৈদ্যসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​সকলের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে এসআরবি-৮ ভোলা ক্যাম্প।