মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ইশরাক হোসেন। আজ সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই পদত্যাগের কথা জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, আজ বেলা দুইটায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাব দেবেন।
ফেসবুক বার্তায় ইশরাক হোসেন আরও বলেন, কিছু ব্যক্তিকে ফেসবুকে উল্লাস করতে দেখে তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে কোনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিদেশ থেকে দেশে ফিরে এসে অংশ নেবেন।
তিনি আরও জানান, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রীর পরিচয়ে নয়, বরং বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লড়াইয়ে আরও জোরালোভাবে কাজ করবেন। পাশাপাশি দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা এবং প্রজন্ম দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও তিনি ব্যক্ত করেন।
উল্লেখ্য, সম্প্রতি আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মাদকবিরোধী অভিযানে যাওয়া নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে বিষয়টি তদন্তের নির্দেশ দেয় পুলিশ। এর পরপরই গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে ডেকে পাঠিয়ে পদত্যাগের নির্দেশনা দেন বলে উচ্চপর্যায়ের সূত্র থেকে জানা যায়।