বরিশালের মেহেন্দীগঞ্জে ৮ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ আবু জাফর প্যাদা (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল।

এসআরবি-৮, বরিশাল সহকারী পুলিশ সুপার সাথী আক্তারের দেওয়া তথ্য অনুযায়ী জানাগেছে, সোমবার (১৯ অক্টোবর ২০২৬) রাতে এসআরবি-৮ সদর কোম্পানি বরিশালের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দীগঞ্জ থানাধীন উলানিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তি পটুয়াখালী জেলার দুমকি থানাধীন দক্ষিণ মুরাদিয়া এলাকার বাসিন্দা। নিয়মিত রাত্রিকালীন টহল কার্যক্রম পরিচালনাকালে উলানিয়া লঞ্চঘাট এলাকায় এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন বলে গোপন সংবাদ পায় আভিযানিক দলটি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ঘটনাস্থলে পৌঁছালে এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরবর্তীতে, উপস্থিত সাক্ষীদের সাম্মুখে তার হেফাজত থেকে ০৮ (আট) কেজি গাঁজা উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে হেফাজতে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করতঃ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।