ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে বিকাশ ব্যবসায়ী মো. সুমন হোসেন মৃধাকে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮), বরিশাল। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ১ লাখ ৯ হাজার ৫৫১ টাকা এবং ৪টি মোবাইল ফোন।

​আজ বুধবার (২১ অক্টোবর) সকালে এসআরবি-৮-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাথী আক্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

​গ্রেপ্তারকৃতরা হলেন— রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার মো. আফজাল হোসেন (৫০), মো. লিটন হাওলাদার (৩০), মো. আবুল কালাম (৩৮) এবং বারবাকপুর এলাকার মো. চান মিয়া (২৯) ও মো. মামুন হাওলাদার (২৪)।

​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে বারাকপুর এলাকায় বিকাশ ব্যবসায়ী সুমন হোসেন মৃধার গতিপথ রোধ করে দুর্বৃত্তরা। তারা রামদা ও রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে তাঁর কাছে থাকা ব্যাগে রক্ষিত ৭ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

​এ ঘটনায় ১৮ অক্টোবর রাজাপুর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন ভুক্তভোগী সুমন মৃধা। মামলার সূত্র ধরে গত ২০ অক্টোবর রাতে এসআরবি-৮-এর একটি বিশেষ দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফিরোজ কামাল জানান, এসআরবির সহযোগিতায় গ্রেপ্তারকৃতদের আজ দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।