বিশেষ প্রতিনিধি:

শরীয়তপুরের একটি আবাসিক হোটেল থেকে সহকারী শিক্ষক আবুল বাশারের মরদেহ উদ্ধারের চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত আতাউর রহমানকে (৫৮) গ্রেফতার করেছে এসআরবি (বিশেষ র‍্যাপিড ব্যাটালিয়ন)। গত ২১ অক্টোবর রাতে নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানা এলাকা থেকে এসআরবি-৮ ও এসআরবি-১১-এর একটি যৌথ আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
​গ্রেফতারকৃত আতাউর রহমান নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার আফুলশী মিয়াবাড়ী এলাকার ছালেহ আহম্মদের ছেলে। তিনি শরীয়তপুরের ভেদরগঞ্জ বাজারসংলগ্ন ‘ঢাকা আবাসিক হোটেল’-এর ম্যানেজারের দায়িত্বে ছিলেন।
​আজ ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এসআরবি-৮, বরিশালের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার সাথী আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
​মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর গাজীপুরের কোনাবাড়ীর দেউলিয়া বাড়ি এলাকার বাসিন্দা এবং খোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার (৩৯) বাড়ি থেকে বের হন। এরপর থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের মোবাইল ফোন থেকে তাঁর স্ত্রী ও স্বজনদের কাছে মারধরের ছবি পাঠায় অজ্ঞাত দুষ্কৃতকারীরা। তারা চিকিৎসার খরচ বাবদ বিকাশের মাধ্যমে টাকা দাবি করে।

​পরিবারের সন্দেহ হলে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হন। পরবর্তীতে গত ২০ অক্টোবর শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ বাজারসংলগ্ন ঢাকা আবাসিক হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে আবুল বাশারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শিক্ষকের ভাই বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা (মামলা নং- ০৯, তারিখ: ২০/১০/২০২৬ খ্রিঃ, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করেন।
​চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনাটি ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঘটনাটি গুরুত্বের সাথে নিয়ে এসআরবি-৮, সিপিসি-৩ (মাদারীপুর) ছায়া তদন্ত শুরু করে।

​পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮ (মাদারীপুর) ও এসআরবি-১১ (নোয়াখালী)-এর একটি চৌকস আভিযানিক দল নোয়াখালীর সোনাইমুড়ী এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ও এজাহারনামীয় প্রধান অভিযুক্ত হোটেল ম্যানেজার আতাউর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়।
​এসআরবি-৮ জানায়, গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।