ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ):

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একদল ডাকাতের হামলায় চার তরুণ আহত হয়েছেন। এ সময় তাঁদের কাছে থাকা একটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার তালপল্লি এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

​আহত তরুণরা হলেন ঝাউবোনা এলাকার বাসিন্দা হাবিব (১৯), রোহান (১৯), হাসিব (২০) এবং মোবাচ্ছের (১৯)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর দুটি মোটরসাইকেল নিয়ে চার বন্ধু ভোলাহাট-শিবগঞ্জ সড়কের তালতলি বিলের দিকে ঘুরতে বের হন। পথিমধ্যে তালপল্লি এলাকায় পৌঁছালে ডাকাত দল তাঁদের গতিপথ রোধ করে এবং মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা চালায়। তরুণরা বাধা দিলে ডাকাতেরা ধারালো হাসুয়া ও বাঁশ দিয়ে তাঁদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে চারজনই জখম হন। পরে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল নিয়ে চম্পট দেয়।

​খবর পেয়ে বিলে দায়িত্বে থাকা টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে হাবিবের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

​ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে এবং ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশ ইতিমধ্যেই জোর অভিযান শুরু করেছে।