​বিশেষ প্রতিনিধি:

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষিত লাইফগার্ড নিয়োগ, আধুনিক গণশৌচাগার ও নিরাপদ খাবার পানির ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

​শুক্রবার (২৩ অক্টোবর) পটুয়াখালীর কুয়াকাটার হোটেল খান প্যালেসে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় পর্যটনমন্ত্রী এসব নির্দেশনা দেন।

​সভায় পর্যটনমন্ত্রী বলেন, “কুয়াকাটা বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র। যথাযথ পরিকল্পনা ও সঠিক উন্নয়ন করা গেলে দেশি-বিদেশি পর্যটকদের কাছে এটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে।” একই সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পাওয়ার বিরল দৃশ্যকে তিনি কুয়াকাটার প্রধান আকর্ষণ হিসেবে উল্লেখ করেন।

​পর্যটকদের সেবা ও সুবিধার ওপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী পর্যটকদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা, যোগাযোগ ও মানসম্মত আবাসন ব্যবসস্থাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। এর পাশাপাশি তিনি সৈকত এলাকায় আধুনিক গণশৌচাগার, নিরাপদ খাবার পানি, পর্যাপ্ত বসার জায়গা, তথ্যকেন্দ্র, সুনির্দিষ্ট পার্কিং ব্যবস্থা এবং জরুরি চিকিৎসাসেবা দ্রুত চালুর নির্দেশ দেন। সৈকতে পর্যটকদের নিরাপত্তার জন্য প্রশিক্ষিত লাইফগার্ড নিয়োগ, উদ্ধার কার্যক্রম জোরদার করা এবং পরিবেশ রক্ষায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন তিনি।

​বেসরকারি খাতকে যুক্ত করার বিষয়ে পর্যটনমন্ত্রী বলেন, পর্যটন শিল্পের বিকাশে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। স্থানীয় বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ীদের পর্যটন কার্যক্রমে যুক্ত করা গেলে ওই অঞ্চলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি পেলে সরকারের রাজস্ব আয়ও কয়েক গুণ বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন:

  • ​জোনায়েদ আব্দুর রহিম সাকি, মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী
  • ​এ বি এম মোশাররফ হোসেন, মাননীয় সংসদ সদস্য (পটুয়াখালী-৪)
  • ​সুলতানা জেসমিন জুঁই, মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন-৪৯)
  • ​ড. নূরুন্নাহার চৌধুরী, সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
  • ​মো. সামীমুজ্জামান, চেয়ারম্যান, বাংলাদেশ পর্যটন করপোরেশন

​এছাড়াও পর্যটন মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।