- বিশেষ প্রতিনিধি
দেশের মহাসড়কগুলোর স্থায়িত্ব ও নিরাপত্তা বৃদ্ধি, ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা এবং অনিয়মের ঝুঁকি কমাতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ‘মহাসড়ক রক্ষণাবেক্ষণ নীতিমালা, ২০২৬’-এর খসড়া তৈরি করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) আওতাধীন সড়কগুলো টেকসই করা এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য। সম্প্রতি খসড়া নীতিমালাটি নিয়ে সড়ক পরিবহন ও সেতু বিভাগ এবং অর্থ বিভাগের মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সফটওয়্যারভিত্তিক নজরদারি ও জিও-ট্যাগের বাধ্যবাধকতা
প্রস্তাবিত নীতিমালায় বলা হয়েছে, মহাসড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণের পরিকল্পনা, দরপত্র, বাজেট বরাদ্দ থেকে শুরু করে ব্যয়ের তথ্য ও বাস্তবায়ন—সবকিছুই একটি সফটওয়্যারভিত্তিক কাঠামোর মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।
- সরাসরি প্রবেশাধিকার: সংশ্লিষ্ট মন্ত্রণালয় সরাসরি এ সফটওয়্যার নজরদারি করতে পারবে।
- নির্বাহী প্রকৌশলীর দায়বদ্ধতা: কাজের তথ্যের সঠিকতার জন্য সড়ক বিভাগের সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে দায়ী রাখা হবে।
- দ্বৈত বরাদ্দ বন্ধে জিও-ট্যাগিং: প্রতিটি কাজের আগে, চলাকালীন এবং কাজ শেষ হওয়ার পর জিও-ট্যাগ করা ছবি সফটওয়্যারে আপলোড করতে হবে। এতে করে একই স্থানে বারবার বরাদ্দ দেওয়ার সুযোগ কমবে।
চারভাগে ভাগ হচ্ছে রক্ষণাবেক্ষণ কাজ
খসড়ায় মহাসড়ক মেরামতের কাজগুলোকে মূলত চারভাগে বিভক্ত করা হয়েছে:
- রুটিন রক্ষণাবেক্ষণ: ফাটল ও গর্ত ভরাট, ড্রেন পরিষ্কার, শোল্ডার ও সড়কচিহ্ন সংস্কার এবং সেতু-কালভার্টের নিয়মিত যত্ন।
- পর্যায়ক্রমিক রক্ষণাবেক্ষণ: নির্দিষ্ট সময় পর পর পেভমেন্ট মজবুত করা ও উপরের অংশ নবায়ন। এ কাজগুলো কার্যাদেশের পর সর্বোচ্চ ৯ মাসের মধ্যে এবং অর্থবছর শেষ হওয়ার আগেই সম্পন্ন করতে হবে।
- বিশেষ রক্ষণাবেক্ষণ: সড়ক প্রশস্ত করা, জরাজীর্ণ বেইলি বা বড় সেতু পরিবর্তন, ইন্টারচেঞ্জ, ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের মতো দীর্ঘমেয়াদি ও বড় কাজ।
- জরুরি রক্ষণাবেক্ষণ: বন্যা, ভূমিধস বা আকস্মিক দুর্ঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন হলে দ্রুত পুনরুদ্ধারে ডাইভারশন সড়ক বা অস্থায়ী সেতু নির্মাণ।
দূর হবে বৈষম্য: প্রাকৃতিক ঝুঁকি ও ট্রাফিকের চাপে মিলবে বাজেট
শুধু সড়কের দৈর্ঘ্যের ওপর ভিত্তি করে বাজেট না দিয়ে আন্তর্জাতিক রাফনেস ইনডেক্স (আইআরআই), গত তিন বছরের মেরামতের ইতিহাস, যানবাহনের চাপ, বৃষ্টিপাত, বন্যা ও জলবায়ু ঝুঁকি বিবেচনা করে অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ সড়ক ও সেতু আগে সংস্কারের জন্য এইচডিএম-৪/র্যামস (HDM-4/RAMS) এবং বিএমএস (BMS) প্রযুক্তির সহায়তায় বার্ষিক অগ্রাধিকার তালিকা তৈরি করা হবে। প্রয়োজনে বিকল্প বা বিদেশি উন্নয়ন সহযোগীদের মাধ্যমেও তহবিল সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।
ঠিকাদারদের মান যাচাই ও ‘পিবিএমসি’ চুক্তি
কাজের গুণগত মান নিশ্চিত করতে সরকারি ক্রয় আইন মেনে ঠিকাদারদের দক্ষতা নিয়মিত মূল্যায়ন ও তালিকা হালনাগাদ করা হবে। বড় মহাসড়ক ও এক্সপ্রেসওয়ের জন্য পারফরম্যান্স বেজড মেইনটেন্যান্স কন্ট্রাক্ট (PBMC) পদ্ধতি চালু থাকবে, যেখানে কাজের পরিমাণের চেয়ে সেবার মানের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এসব চুক্তির মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত হতে পারবে।
তথ্যভিত্তিক সিদ্ধান্তের তাগিদ: সম্প্রতি এক কর্মশালায় সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ভবিষ্যতে সড়ক নির্মাণ ও সংস্কারের ক্ষেত্রে কেবল পরিবহন সুবিধাই নয়, দুর্ঘটনাপ্রবণ এলাকার সঠিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ‘সড়ক নিরাপত্তা’কে মূল অগ্রাধিকার দিতে হবে।
বিশেষজ্ঞদের মত: স্বতন্ত্র তহবিল ও প্রিভেনটিভ মেইনটেন্যান্স জরুরি
সড়ক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে আলোকপাত করে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. শামসুল হক জানান, শুধু সড়ক নির্মাণ করলেই হবে না, সময়মতো টেকসই মেরামত না করায় অল্প দিনেই তা নষ্ট হয়ে ভোগান্তি ও ব্যয় দুটোই বাড়ায়।
- স্বতন্ত্র তহবিল: বিআরটিএ-এর নিবন্ধন ফি, বড় প্রকল্পের নির্ধারিত অংশ বা জ্বালানি তেলের ওপর নির্দিষ্ট ফি যুক্ত করে একটি ‘স্বতন্ত্র সড়ক রক্ষণাবেক্ষণ তহবিল’ গঠনের সময় এসেছে।
- আগেভাগে প্রতিরোধ (Preventive Maintenance): সড়ক পুরোপুরি ধ্বংস হওয়ার পর সংস্কার না করে, প্রথম থেকেই নিয়মিত ক্ষয়ক্ষতি চিহ্নিত করে ‘প্রিভেনটিভ মেইনটেন্যান্স’ পদ্ধতি চালু করা জরুরি।