​নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া বকুলতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯৫৮ পিস ইয়াবাসহ মো. রাজিব সিকদার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রাজিব সিকদার মৃত আমির আলী সিকদারের ছেলে।

​শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুম্মান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জসিমসহ পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দপদপিয়া বকুলতলা এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে সন্দেহভাজন রাজিব সিকদারকে আটক করে তার শরীর তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, আটক রাজিবকে ইয়াবাসহ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।