বরিশাল প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন—উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। তাৎক্ষণিকভাবে অপর একজনের নাম জানা যায়নি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে দাওয়াতে অংশ নিতে নেতাকর্মীরা সেখানে গিয়েছিলেন। তবে সৈকত গুহ পিকলু দাবি করেন, সন্ধ্যার ঠিক আগে বিএনপির কিছু কর্মী-সমর্থক তাদের বাড়িতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং দাওয়াতে আসা ছয় অতিথিসহ তার ছোট ভাইকে জোরপূর্বক পুলিশের হাতে তুলে দেন।
ঘটনার বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।