বরিশালে এক স্কুলপড়ুয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব-৮-এর সদস্যরা। গত রোববার দিবাগত রাতে বানারীপাড়া উপজেলার কুন্দিহার গ্রামে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।
সোমবার দুপুরে বরিশাল র্যাব-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তির ব্যবহার ও স্থানীয় সূত্রের সহায়তায় অবস্থান নিশ্চিত করে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, অভিযুক্ত জাকির হোসেন (৪০) উজিরপুরের হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এরই জেরে গত ২২ অক্টোবর সকালে বাড়ির পাশের ডোবার পাড়ে একা পেয়ে তাকে ধর্ষণ করেন জাকির। পরে কিশোরীর আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে উজিরপুর থানায় মামলা দায়ের করেন।