বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও বেশি শক্তি সঞ্চয় করে একটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বর্তমানে এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এই পরিস্থিতির কারণে দেশের প্রধান চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার দিবাগত রাত ৩টায় ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ১৫ দশমিক ৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। সে সময় এটি চট্টগ্রাম বন্দর থেকে ৯৯০ কিমি, কক্সবাজার থেকে ৯৪২৫ কিমি, এবং মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সাগরের অবস্থা ও বাতাসের গতিবেগ
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল এই ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকার সাগর অত্যন্ত উত্তাল রয়েছে। ঝড়ের কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১১৮ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এই সতর্কতার অংশ হিসেবে উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে।
বাংলাদেশে এর কেমন প্রভাব পড়বে?
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, ঘূর্ণিঝড়টির বর্তমান গতিপথ ভারতের অন্ধ্র উপকূলের দিকে হওয়ায় বাংলাদেশে বড় ধরনের কোনো আঘাত হানার শঙ্কা নেই।
তবে এর প্রভাবে আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া ঘূর্ণিঝড়টি অন্ধ্র উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করার পর ঢাকা ও রাজশাহী অঞ্চলেও হালকা বৃষ্টির দেখা মিলতে পারে।