কুড়িগ্রামের উলিপুরে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে বছিরন বেওয়া (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত নছির উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইন পারাপারের সময় চিলমারীগামী রমনা লোকাল ট্রেনের নিচে কাটা পড়েন বছিরন বেওয়া। এতে তার একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়াও মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উলিপুর থানার ওসি শওকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
এ ছাড়া লালমনিরহাট রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান হাবিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।