আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ নামে নতুন বই যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি আগামী পাঁচ বছরের মধ্যে আন্তর্জাতিক টুর্নামেন্টে পদক জয়ের উপযোগী ক্রীড়াবিদ তৈরি, দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব পরিকল্পনার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
প্রতিমন্ত্রী জানান, খেলাধুলাকে পেশা হিসেবে রূপ দেওয়া এবং ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে। অলিম্পিক, এশিয়ান গেমস ও সাফ গেমসের মতো বড় আসরগুলোতে শুধু অংশগ্রহণ নয়, বরং পদক জয়ের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নেওয়ার ঘোষণা দেন তিনি।
তৃণমূলের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’ সম্পর্কে আমিনুল হক বলেন, প্রথম আসরে ১ লাখ ৬৮ হাজার ক্রীড়াবিদ অংশ নিলেও দ্বিতীয় আসরে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ২৩ হাজারে। আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এই দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
তিনি আরও জানান, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে মাঠের স্থান প্রস্তাবের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে ২০১টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণকাজ চলছে, যা আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় বিস্তৃত করা হবে। বরিশাল সিটি করপোরেশনের ১৬টি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি।
যুবসমাজকে ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত নির্ভরতা ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী জানান, জানুয়ারি থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ১৫টি খেলা সচল রাখা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সতর্ক করে দেন, চলতি নভেম্বরের মধ্যে জেলা ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচন সম্পন্ন না হলে বিদ্যমান কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হবে।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জ্যেষ্ঠ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।