রিপোর্টার: আমিনুল শাহীন

প্রশাসন মানে শুধু চেয়ার-টেবিল নয়, প্রশাসন মানে মানুষের পাশে থাকা এই কথাটিকেই বাস্তবে প্রমাণ করে চলেছেন বরিশাল জেলার উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।

জানা গেছে, তার কাছে সেবা নিতে আসা কোনো হতদরিদ্র মানুষকেও তিনি করুণার পাত্র হিসেবে দেখেন না। ধনী-গরিব ভেদাভেদ ভুলে প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শোনা, সেবা নিশ্চিত করা এবং সম্মানের সাথে বিদায় দেওয়া — এটাই তার প্রশাসনিক দর্শন। প্রতিটি মানুষকে তিনি পরিপূর্ণ নাগরিক হিসেবেই মূল্যায়ন করেন।

সম্প্রতি শিক্ষক দিবসে উজিরপুরের একজন শিক্ষকের বাড়িতে গিয়ে তাকে সম্মান জানিয়ে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্যিই শিক্ষণীয়। শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠায় তার এই উদ্যোগ প্রশংসিত হয়েছে সর্বমহলে।

মানবিকতার আরেক উজ্জ্বল দৃষ্টান্ত — চুরির অভিযোগে আটক হওয়া এক ব্যক্তির কন্যা শিশুটির শিক্ষা যাতে বন্ধ না হয়, সেজন্য তিনি নিজে বিদ্যালয়ের ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদের বেঞ্চে বসে শিশুটির শিক্ষা গ্রহণের সকল প্রতিবন্ধকতা দূর করেছেন।

এছাড়াও সাংবাদিক-বান্ধব ইউএনও হিসেবে ইতোমধ্যে তার পরিচিতি রয়েছে উজিরপুরে। প্রশাসনিক দায়িত্বের বাইরেও সামাজিক ও মানবিক কাজে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

স্থানীয়দের মতে, ইউএনও আলী সুজার মতো মানবিক কর্মকর্তাই পারে সুশাসন ও মানবিক বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে।