বরিশাল প্রতিনিধি :

বরিশাল নগরীর সদর রোড এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলের চাপায় সজল কুমার চক্রবর্তী নামে এক আইনজীবী প্রাণ হারিয়েছেন। উক্ত দুর্ঘটনায় বাইকে থাকা দুই আরোহীও আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে নগরীর জগন্নাথ মন্দিরের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সজল কুমার চক্রবর্তী মন্দির থেকে বের হয়ে রাস্তায় উঠতেই একটি দ্রুগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনিসহ মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর জখম হন।

​পরবর্তীতে আশেপাশের লোকজন ও দায়িত্বরত পুলিশ তাদের উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক ওই আইনজীবীকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।