জাতীয়  বাজেটে সুন্দরবনের সুরক্ষা, সুপেয় পানির সংকট নিরসন এবং বাগেরহাটের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁরা বলেছেন, লবণাক্ততা, নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় এ জেলার জন্য বিশেষ উন্নয়ন পরিকল্পনা অত্যন্ত জরুরি।

​গত বৃহস্পতিবার বাগেরহাট শহরের ধানসিঁড়ি মিলনায়তনে ‘জাতীয় বাজেটে নাগরিক সমাজের প্রত্যাশা অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক এক গোলটেবিল সংলাপে বক্তারা এই দাবি জানান। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতায় একশনএইডের সুশীল প্রকল্প ও প্রথম আলো যৌথভাবে এই সংলাপের আয়োজন করে।

​সংলাপে বক্তারা বলেন, বাগেরহাটের উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। মোল্লাহাট উপজেলার মধুমতী নদী থেকে পাইপলাইনের মাধ্যমে পানি এনে এই সংকট নিরসনের পাশাপাশি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও নদীভাঙন রোধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ ছাড়া সুন্দরবনের সুরক্ষায় ক্ষতিকর কার্যক্রম বন্ধ করা, নদীকেন্দ্রিক পর্যটন বিকাশ, শিক্ষা ও চিকিৎসাব্যবস্থার উন্নয়ন এবং মোংলা বন্দর, ইপিজেড ও বিসিক শিল্পনগরী আধুনিকায়নের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর দেন তাঁরা।

​‘সমষ্টি’র গবেষণা পরিচালক রেজাউল হক সংলাপে মূল ধারণাপত্র উপস্থাপন করেন। প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী সঞ্চালনা এবং বাগেরহাট প্রতিনিধি ইনজামামুল হক স্বাগত বক্তব্য দেন। সংলাপে জেলা বিএনপি, জামায়াতে ইসলামী, সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, গবেষক, সমাজসেবা কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।