নিজস্ব প্রতিবেদক,

গাজীপুরের কালীগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) ও স্থানীয় এক বিএনপি নেতার মৃত্যুর চাঞ্চল্যকর মামলায় মূল অভিযুক্ত ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে। যৌথ অভিযান চালিয়ে পিরোজপুর থেকে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
​শুক্রবার (৩০ অক্টোবর) এসআরবি-৮, বরিশাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
​গ্রেফতারকৃত ট্রাকচালকের নাম মো. মাজহারুল ইসলাম (২৫)। গত ২৯ অক্টোবর রাতে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানাধীন চারাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-৮ (সিপিএসসি, বরিশাল) এবং এসআরবি-১ (সিপিসি-৩, গাজীপুর) এর যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
​মামলার বিবরণী থেকে জানা যায়, গত ২৩ অক্টোবর রাতে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার এসআই মো. মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমর, কনস্টেবল আনোয়ার হোসেন ও কনস্টেবল ফজলে রাব্বি রণপাহারা ডিউটি শেষে তিন আসামিকে নিয়ে থানায় ফিরছিলেন। রাত আড়াইটার দিকে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কের কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে দুই ব্যক্তিকে তল্লাশিকালে সেখানে উপস্থিত হন কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫)।
​ভোর ৩টা ৩৫ মিনিটের দিকে টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুতগতির একটি বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়। এতে পিএসআই জাবেদ ওমর ও কনস্টেবল ফজলে রাব্বি গুরুতর আহত হন। এরপর চালক বিএনপি নেতা রফিকুল ইসলামের ওপর দিয়ে ট্রাক চালিয়ে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
​এ সময় এসআই মিজানুর রহমান ট্রাকটি থামানোর চেষ্টা করলে চালক গতি বাড়িয়ে তাকে ট্রাকের সামনে ঝুলন্ত অবস্থায় প্রায় ৫০০ গজ টেনেহিঁচড়ে নিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে সাতটার দিকে এসআই মিজানুর রহমানও মারা যান। এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
​এসআরবি জানায়, চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরবর্তীতে যৌথ অভিযানের মাধ্যমে ঘাতক চালক মাজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়েছে।