​বরিশাল প্রতিনিধি

জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে বরিশাল নগরীর তিরিশ গোডাউন এলাকার সেলফি রোডে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অভিযান পরিচালিত হয়। এতে নিজ হাতে ঘাস কেটে এবং ময়লা-আবর্জনা পরিষ্কার করে সরাসরি অংশ নেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকার এবং বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানাসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

​অভিযানে বিডি ক্লিনের সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরাও স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। সবাই মিলে সম্মিলিতভাবে এলাকার ঘাস কাটা, ঝোপঝাড় পরিষ্কার ও ময়লা-আবর্জনা অপসারণ করেন।

​এ সময় বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, “পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কার্যক্রম নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। নিজের শহর ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। বিশেষ করে যুবসমাজকে এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে এগিয়ে আসতে হবে।”

​জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, “একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। জাতীয় যুব দিবস উপলক্ষে এ উদ্যোগের মাধ্যমে তরুণদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করি।”

​উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে বরিশাল নগরীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য করে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।