​স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্ত উত্তরণকে সহজ, টেকসই ও গতিশীল করতে ২০২৯ সাল পর্যন্ত বিস্তৃত একটি রূপরেখা তৈরি করেছে সরকার। ‘ন্যাশনাল রোডম্যাপ ফর স্মুথ, সাসটেইনেবল অ্যান্ড ইররিভার্সিবল এলডিসি গ্র্যাজুয়েশন (২০২৬-২০২৯)’ শীর্ষক এই পরিকল্পনায় ১৯টি গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রমকে প্রাধান্য দেওয়া হয়েছে। বাণিজ্য ও অর্থনীতির বর্তমান চাপ সামলে ওঠার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থান সুদৃঢ় করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
​সরকারের এই কৌশলগত পরিকল্পনায় অর্থনীতির প্রধান কয়েকটি খাতে স্পষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে:
​মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: ২০২৯ সালের মধ্যে দেশের মূল্যস্ফীতি ৬ শতাংশের মধ্যে নামিয়ে আনা।
​রাজস্ব বৃদ্ধি: কর-জিডিপি অনুপাত ন্যূনতম ৯ শতাংশে উন্নীত করা।
​রিজার্ভের নতুন লক্ষ্য: বৈদেশিক মুদ্রার সঞ্চয় এমন পর্যায়ে নিয়ে যাওয়া, যা অন্তত ৬ মাসের আমদানিব্যয় মেটাতে সক্ষম।
​খেলাপি ঋণ দমন: ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে খেলাপির পরিমাণ ২০ শতাংশের নিচে রাখা।
​রপ্তানি খাতে বৈচিত্র্য: তৈরি পোশাকের ওপর একক নির্ভরতা কমিয়ে অন্যান্য পণ্যের অবদান অন্তত ২৫ শতাংশে নিয়ে যাওয়া।
​বন্দর ব্যবস্থাপনায় গতি: কনটেইনার খালাসের বর্তমান গড় সময় (৯.৪৪ দিন) কমিয়ে মাত্র ১ থেকে ২ দিনে নাম আনা।
​বাড়তি সময়ের সুফল ও বৈশ্বিক সুবিধা
অর্থনৈতিক বাস্তবতা ও প্রস্তুতির কথা বিবেচনা করে বাংলাদেশকে উত্তরণ-পরবর্তী আরও তিন বছরের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। ফলে আগামী ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে শুল্কমুক্ত সুবিধা, নগদ সহায়তা, বিশেষ ভর্তুকি এবং সহজ শর্তে বৈদেশিক ঋণ পাওয়ার সুযোগ বহাল থাকবে। এই বাড়তি সময়কে বাণিজ্য পরিবেশের আধুনিকায়নে কাজে লাগাতে তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
​বাস্তবায়নের ৩টি ধাপ
২০২৬ সালের জুন থেকে শুরু হয়ে ২০২৯ সালের জুন পর্যন্ত তিন ধাপে সংস্কারগুলো বাস্তবায়িত হবে:
১. প্রথম ধাপ (২০২৬–জুন ২০২৭): তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে সমন্বিত মুদ্রানীতির মাধ্যমে মূল্যস্ফীতি কমানো, ব্যাংকিং খাতের অকার্যকর সম্পদ ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং ব্যবসা শুরু প্রক্রিয়া সহজ করতে মাত্র ১৪ দিনে লাইসেন্স দেওয়ার মতো সমন্বিত ওয়ান স্টপ সার্ভিস চালু।
২. দ্বিতীয় ধাপ (২০২৬–২০২৮): জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্বিক অটোমেশন, কর-বহির্ভূত রাজস্ব বাড়ানো এবং শিল্প খাতে ইটিপি ও এপিআই পার্ক সম্পূর্ণ প্রস্তুত করা।
৩. তৃতীয় ধাপ (২০২৬–জুন ২০২৯): ওষুধ, চামড়া, পাট, আইসিটি ও হালকা প্রকৌশল পণ্যের বাজার সম্প্রসারণ এবং বিএসটিআই-এর সেবা ২৪ ঘণ্টা নিশ্চিত করা।
​পাঁচটি মূল স্তম্ভ ও যৌথ অংশীদারত্ব
এই পরিকল্পনা সফল করতে পাঁচটি মূল বিষয়ের ওপর জোর দেওয়া হচ্ছে—সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, বাণিজ্য রূপান্তর ও ট্রিপস সুবিধা রক্ষা, শিল্প আধুনিকায়ন ও চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তি গ্রহণ, মানবসম্পদের দক্ষতা উন্নয়ন এবং কার্যকর সুশাসন।
​রোডম্যাপের মোট ব্যয়ের ৪০ শতাংশ আসবে জাতীয় বাজেট থেকে, ৩০ শতাংশ দেবে উন্নয়ন সহযোগী সংস্থাগুলো, ২৫ শতাংশ বরাদ্দ দেবে বেসরকারি খাত এবং বাকি ৫ শতাংশ সংগ্রহ করা হবে গ্রিন ও ব্লেন্ডেড ফাইন্যান্সের মাধ্যমে। পাবলিক-প্রাইভেট টাস্কফোর্স এবং এসএসজিপি সার্বিক বাস্তবায়নের বিষয়টি তদারকি করবে।