ভারতের রাজস্থানের আজমের জেলার কিশানগড় শহরের মার্বেলশিল্পের বিশাল বর্জ্যের ভাগাড়টি দূর থেকে দেখতে অনেকটা বরফে ঢাকা কাশ্মীরের মতো। ‘স্নো ইয়ার্ড’ নামে পরিচিত প্রায় ৩০০ একর জায়গাজুড়ে ছড়িয়ে থাকা এশিয়ার এই সর্ববৃহৎ মার্বেল বর্জ্যের স্থানটি দর্শনার্থীদের বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকায় বর্তমানে এক জনপ্রিয় পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে। নবদম্পতিদের প্রি-ওয়েডিং শুট, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিডিও নির্মাণ এবং সিনেমা ও গানের শুটিংয়ের জন্য নিয়মিত ভিড় জমছে এখানে। তবে এই মনোরম রূপের আড়ালে লুকিয়ে রয়েছে ভয়াবহ স্বাস্থ্য ও পরিবেশগত বিপর্যয়।

​মার্বেল ও গ্রানাইট প্রক্রিয়াজাতকরণের প্রায় ১ হাজার ২০০টি কারখানা থেকে প্রতিদিন প্রায় এক হাজার ট্যাংকারে করে অন্তত ৫ হাজার ৫০০ টন মার্বেল স্লারি বা বর্জ্যের তরল মিশ্রণ এই সরকারি নির্ধারিত স্থানে ফেলা হয়। এসব বর্জ্য বাতাসে শুকিয়ে বিষাক্ত ধূলিকণায় পরিণত হয়ে ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকাগুলোতে। এতে ভোগিয়াওয়াস ও তোকারাসহ নিকটবর্তী অন্তত ছয়টি গ্রামের প্রায় হাজার হাজার মানুষ দীর্ঘস্থায়ী স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা ব্যাপকভাবে শ্বাসকষ্ট, হাঁপানি, তীব্র কাশি, চর্মরোগ ও দাঁতের সমস্যায় ভুগছেন।

​রাজস্থানের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক লক্ষ্মীকান্ত শর্মার নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, কিশানগড়ের মাটিতে ক্ষতিকারক সিসা সিলিকেটের উপস্থিতি স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি। বাতাস ও কৃত্রিম জলাশয়ের অতিসূক্ষ্ম বর্জ্যের কণা (পিএম ২.৫) বায়ুমান সীমা ছাড়িয়ে গেছে, যা মাটির উর্বরতা মারাত্মকভাবে ধ্বংস করছে এবং স্থানীয়দের মধ্যে ‘সিলিকোসিস’ রোগের ঝুঁকি বাড়াচ্ছ। পাশাপাশি ভূগর্ভস্থ পানিতে অতিরিক্ত ফ্লুরাইড মিশে পানীয় জল সম্পূর্ণ পানের অনুপযোগী হয়ে পড়েছে, যা বাসিন্দাদের হাড় ও দাঁতের ক্ষতির মূল কারণ।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় পরিবেশকর্মীদের আবেদনের ভিত্তিতে ভারতের জাতীয় পরিবেশ আদালত (এনজিটি) নিয়মিত নজরদারি ও দূষণকারী কারখানাগুলোকে জরিমানার নির্দেশ দিলেও দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে এই বর্জ্যের ভাগাড় নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প স্থাপন করা এবং দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের তীব্র দাবি জানিয়েছেন। একইসঙ্গে বিশেষজ্ঞরা উন্মুক্ত স্থানে বর্জ্য না ফেলে এগুলো দিয়ে টাইলস তৈরির বিকল্প শিল্পের প্রস্তাব দিয়েছেন।