পোশাক শিল্পে চলমান অস্থিরতা ও শ্রমিকদের আন্দোলনের পেছনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত কিছু শিল্পমালিক, সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ইন্ধন যোগাচ্ছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

​আজ সোমবার সচিবালয়ে পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ-এর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

​তিনি বলেন, তৈরি পোশাক খাতের সাম্প্রতিক অসন্তোষের পেছনে মূল শ্রমিকদের কোনো দায় নেই। বরং রাজনৈতিক স্বার্থ হাসিলে নিরীহ শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে ফ্যাসিবাদের সমর্থক একটি গোষ্ঠী। উদ্দেশ্যমূলকভাবে যেসব মালিক কারখানা বন্ধ রেখেছেন এবং যেসব শ্রমিক নেতা ও সংগঠন এই বিশৃঙ্খলা তৈরিতে ইন্ধন দিচ্ছেন, তাঁদের তালিকা দিতে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।

​কারখানা বন্ধের বিপক্ষে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোনো অবস্থাতেই শিল্পকারখানা বন্ধ রাখা যাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরে ২৪ ঘণ্টার বিশেষ নিয়ন্ত্রণকক্ষ চালু করা হচ্ছে, যা ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। একই সঙ্গে মহাসড়ক অবরোধ ও সহিংসতায় জড়িতদের সচিত্র ভিডিও ও অডিও প্রমাণ সরকারের হাতে এসেছে এবং ইতিমধ্যে কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে।

​শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবির বিষয়ে তিনি জানান, সরকার নির্ধারিত সময়েই মজুরি বোর্ড গঠন করেছে। দ্রুততম সময়ের মধ্যে সভা ডেকে আলোচনা সাপেক্ষে নতুন মজুরি ঘোষণা করা হবে।

​একই সংবাদ সম্মেলনে উপস্থিত প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং শ্রমিক নেতা ও সংসদ সদস্য শিমুল বিশ্বাসের উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, উদ্ভূত পরিস্থিতি সমাধানে বিকেলে শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে পৃথক বৈঠক করবে সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফ্যাসিবাদী পলাতক নেতারা ডিসেম্বরের অপেক্ষা না করে এখনই ফিরুক, যেন তাঁদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা যায়।