ইসরায়েলে আরব দলগুলোকে বাইরে রেখে একটি ‘বৃহত্তর জাতীয় সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে নেতানিয়াহুর জোট সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার বা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এই রাজনৈতিক সংকটের মাঝে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করতে আজ মঙ্গলবার বৈঠকে বসছেন বিরোধী জোটের নেতারা।
গত সপ্তাহের নির্বাচনের পর বিরোধী শিবিরের এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বিরোধী জোটের দল ‘ইয়াশার’ জানিয়েছে, জোটের নেতারা হার্জলিয়ায় একত্রিত হয়ে পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এবারের নির্বাচনে ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর শিবির পেয়েছে ৫৩টি আসন, যার মধ্যে তাঁর নিজের দল লিকুদ পার্টির আসন রয়েছে ২৭টি। অন্যদিকে, বিরোধী নেতা আইজেনকটের জোট পেয়েছে ৪৮টি আসন। এছাড়া আরব দলগুলো রেকর্ড ১৯টি আসন জয় করায় সরকার গঠনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
গত সোমবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ইহুদি জনগণের বড় একটি অংশ লিকুদ পার্টি ও তাঁকে সরকার পরিচালনার জন্য বেছে নিয়েছে। তাই সন্ত্রাসবাদকে সমর্থন করে না—এমন যেকোনো দলের সঙ্গে তিনি বৃহত্তর সরকার গঠন করতে চান। তবে আরব দলগুলোর সঙ্গে কোনো ধরনের জোটে যাওয়ার সম্ভাবনা সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন তিনি। নেতানিয়াহুর অভিযোগ, আরব দলগুলো ‘সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং ইহুদি রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করে।’
যদিও ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার তীব্র নিন্দা জানিয়েছিলেন ইসরায়েলের আরব দলগুলোর নেতারা, তবে তারা ফিলিস্তিনি সংগঠন হামাসকে সরাসরি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করে না।
বর্তমানে পর্দার আড়ালে সরকার গঠন নিয়ে নানামুখী আলোচনা চললেও এর বিস্তারিত এখনও প্রকাশ্য আসেনি। বিভিন্ন রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও বিরোধী জোটের প্রায় সব নেতাই গাদি আইজেনকটকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন। এমনকি আরব দলগুলোর পক্ষ থেকেও ইঙ্গিত মিলেছে যে তারাও আইজেনকটকে সমর্থন দিতে পারে।